বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাতেও দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নত হলেও আবারও দূষণ বেড়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৬১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
একই সময়ে ২৮৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে মিসরের রাজধানী কায়রো এবং চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যাদের বায়ুমান স্কোরও ২৬১। তালিকার পঞ্চম স্থানে ভারতের কলকাতা, যেখানে একিউআই স্কোর ২০৭।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যা শিশু, প্রবীণ ও অসুস্থদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় এসব জনগোষ্ঠীকে ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
৩০১ থেকে ৪০০-এর মধ্যে একিউআই স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সিএনআই/২৫
