
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় অবস্থিত ওই বাড়িতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তীতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
তার গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরপরই পরিবারের সদস্যরা সেদিন বিকেলেই ঢাকার উদ্দেশে রওনা দেন বলে জানা গেছে।
সিএনআই/২৫