তুহিন বাহাদুর, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের ১৮ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়কে কেন্দ্র করে তিনদিনব্যাপী উৎসবমুখর অনুষ্ঠানের সূচনা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে একটি মনোমুগ্ধকর র্যালির মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন,
“সুশিক্ষায় শিক্ষিত হয়ে কর্মজীবনে প্রবেশের যে প্রথম ধাপ—এই শিক্ষা সমাপনী অনুষ্ঠান সেই পথচলাকে আরও স্মরণীয় করে তোলে। বিদায়ী ব্যাচের প্রতিটি শিক্ষার্থীর জন্য দিনটি হবে এক অনন্য স্মৃতিরক্ষক মুহূর্ত। যারা ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে—তাদের প্রতি আমার আন্তরিক শুভকামনা। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের পথ দেখানো শিক্ষার্থীদের প্রশংসা জানাই। শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার উৎকর্ষে মাভাবিপ্রবি এখন উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছে গেছে।”

তিনদিনের এই আয়োজনে প্রথম দিনে ছিল র্যালি ও রঙের উৎসব ‘কালার ফেস্ট’। দ্বিতীয় দিনে থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সমাপনী দিন সাজানো হয়েছে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে ব্যান্ড সঙ্গীত পরিবেশনার মাধ্যমে।
সিএনআই/২৫