বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা আগামী সপ্তাহ থেকে ফেরত দেওয়া শুরু হতে পারে। তিনি সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক প্রতিবেদন অনুষ্ঠানে এ তথ্য জানান।
গভর্নর বলেন, পাঁচ ব্যাংকের সংযুক্তি প্রক্রিয়া চলছে এবং ডিপোজিট গ্যারান্টি এক লাখ থেকে দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ডলারের বাজারভিত্তিক দর পরিবর্তনের পথে বাংলাদেশ এগোয়নি। এতে ডলারের দাম দ্রুত বৃদ্ধি পেতো। বর্তমানে ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে আছে এবং রিজার্ভও বেড়েছে।
তিনি আরও জানান, সুদহার কমানোর বিষয়েও সরকারের ভেতর-বাহির আলোচনা চলছে। মুদ্রাবাজারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না এবং আমানত হার বেড়েছে। বাজেট সহায়তার জন্য টাকা ছাপানো এবং ডলার বেচা বন্ধ রাখা হয়েছে।
এদিকে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, চলতি বছরে রাজস্ব আদায় ১৫ শতাংশ বেড়েছে, তবে কর-জিডিপি অনুপাত কমছে। ভ্যাট আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি এবং ডিজিটাইজেশনের মাধ্যমে রাজস্ব সংগ্রহ বাড়ানো হবে। নগদ টাকার ব্যবহার কমানো ও শুল্ক-ভ্যাট সমন্বয় মাধ্যমে কর আদায় সহজ হবে।
অর্থনীতিবিদরা বলেন, বিভিন্ন সূচক এখনো নেতিবাচক দিকের চেয়ে ইতিবাচক দিক কম, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হয়েছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থানকে প্রভাবিত করেছে। ব্যবসা সহজীকরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং দুর্নীতি দমন এখনও সম্পূর্ণ হয়নি।
সিএনআই/২৫
