ধূমপান না করলেও আশপাশের ধোঁয়া শিশুদের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। নতুন গবেষণা দেখিয়েছে, পরোক্ষ ধূমপান শিশুদের অসুস্থতা, স্থায়ী অক্ষমতা ও মৃত্যুর বড় কারণ।
২০২৫ সালে প্রকাশিত পিয়ার-রিভিউ জার্নাল Respiratory Research-এর গবেষণায় উঠে এসেছে, বিশ্বজুড়ে শিশুদের প্রায় ৫০% পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসে। ২০১৯ সালে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রায় ৭% এর পেছনে ছিল এই কারণে। বিশেষ করে এক বছরের কম বয়সী শিশু সবচেয়ে ঝুঁকিতে থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, পরোক্ষ ধূমপান শিশুদের বৃদ্ধি কমিয়ে দেয়, হাঁপানি ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ বাড়ায়, কানের সংক্রমণ ঘটায় এবং ফুসফুসের সক্ষমতা হ্রাস করে। এমনকি গবেষণা বলছে, এটি শিশুদের ডিএনএ-তে পরিবর্তন ঘটিয়ে রোগপ্রবণতা বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের রক্ষা করতে অভ্যন্তরীণ স্থাপনাকে ১০০% ধূমপানমুক্ত রাখতে হবে। সচেতনতা বৃদ্ধি ও ধূমপায়ীদের শিশু ও গর্ভবতী নারীর কাছ থেকে দূরে ধূমপান করার পরামর্শ দেওয়া হচ্ছে। জাতীয় স্বাস্থ্যনীতিতেও পরোক্ষ ধূমপানের বিষয়ে নজরদারি ও পরীক্ষা অন্তর্ভুক্ত করা উচিত।
পরোক্ষ ধূমপান শিশুদের জন্য নীরব কিন্তু মারাত্মক হুমকি। সরকারের পাশাপাশি পরিবার, স্কুল ও সমাজের সক্রিয় ভূমিকা ছাড়া শিশুদের সুরক্ষা সম্ভব নয়।
সিএনআই/২৫
