
উন্নত চিকিৎসার জন্য শিগগিরই লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকায় কাতার দূতাবাস জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে তারা প্রস্তুত। একই সময়ে এভারকেয়ার হাসপাতালে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম সিসিইউতে পৌঁছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করছে। ডা. Cai Jianfang-এর নেতৃত্বে দলটি স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা তৈরি করছেন।
এর আগে হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয় গত রোববার রাতে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান, এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগেন। ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি নিউমোনিয়াসহ আরও কিছু জটিলতায় আক্রান্ত।
সিএনআই/২৫