ভারতের হলদিয়ার তেঁতুলবেড়িয়ায় জনবসতি এলাকায় তেলের পাইপ লাইনে ফুটো দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফুটো থেকে অপরিশোধিত ক্রুড তেল জলাভূমিতে গড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয়রা বালতি ও বোতল নিয়ে তেল তুলতে হুড়োহুড়ি শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, পাইপ লাইনটি হলদিয়া পেট্রোকেম কারখানার পাশ দিয়ে আইওসির ক্রুড অয়েল পরিবহন করছিল। ফুটো হওয়ার খবর পেয়ে আইওসি কর্তৃপক্ষ ও ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
অপরিশোধিত তেল গড়িয়ে পড়া এলাকা দ্রুত ঘিরে ফেলা হয়েছে এবং পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলমান, এবং জনসাধারণকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঘটনাস্থল এড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সিএনআই/২৫
