
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হবে। এভাবে চলতে থাকলে একসময় মানুষকে নিজের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, বুধবার (১৯ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। পুলিশ ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে।
কমিশনার বলেন, “ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এমন দুর্বৃত্তায়ন না করার অনুরোধ করছি। এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন।”
তিনি আরও উল্লেখ করেন, রাজধানীতে সাম্প্রতিক নাশকতা, যেমন গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা বা ককটেল নিক্ষেপের ক্ষেত্রে আইন অনুযায়ী পুলিশকে গুলি চালানোর ক্ষমতা দেওয়া আছে। এই ধরনের নাশকতার ঘটনায় আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।
ডিএমপি জানান, সাম্প্রতিক হামলার ধারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করছে।