জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, তাঁর ভাই হত্যাসহ যে অভিযোগগুলো রয়েছে, তার সুবিচারের দাবি দীর্ঘদিনের। তিনি মনে করেন, শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো অত্যন্ত গুরুতর, এবং এসব অপরাধের বিচার জনগণ দেখতে চায়।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ দাবি জানান। স্নিগ্ধ বলেন, ৫ আগস্টের ঘটনাপরম্পরায় অন্যায়ের বিচার জনগণের কাছে স্পষ্ট হয়েছে। এখন আদালতের আনুষ্ঠানিক রায় ঘোষণার অপেক্ষা চলছে। তিনি আরও বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর প্রত্যাশা—দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।
এদিকে জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। মামলার অন্য দুই আসামি—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল—পলাতক রয়েছেন। নিরাপত্তার চাদরে প্রিজনভ্যানে করে মামুনকে আদালতে হাজির করা হয়।
একই দিন বেলা ১১টার পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবে। এই প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন আছেন। রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ এবং জনসাধারণের চলাচল সীমিত করা হয়।
সিএনআই/২৫
