
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “বিএনপি একটি সুসংগঠিত ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি। দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র কার্যকর, বৈধ, চূড়ান্ত ও বাধ্যতামূলক নির্দেশনা।”
মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দলীয় প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের সংশোধন ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য এ আয়োজন করা হয়।
মাসুদুজ্জামান বলেন, “আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করায় আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।”
তিনি অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে বিভিন্ন রাজনীতিকের ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা উদ্দেশ্যমূলক। “আমি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী ছিলাম, সেটা নারায়ণগঞ্জবাসী জানে,” বলেন তিনি।
বিএনপিকে একটি গণতান্ত্রিক পরিবার উল্লেখ করে মাসুদুজ্জামান বলেন, “দলে মতভেদ থাকতে পারে, কিন্তু তা হতে হবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে। দিনশেষে আমরা সবাই ধানের শীষের লোক।”
তিনি আরও বলেন, “আমরা চাই নিরাপদ, আধুনিক ও শিক্ষাকেন্দ্রিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে, যেখানে সবাই সমানভাবে এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর খান সেন্টুসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
সিএনআই/২৫