জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে যে তারা ‘জুলাই জাতীয় সনদ’-এ অন্তর্ভুক্ত বিষয়গুলো বাস্তবায়নে বদ্ধপরিকর। এই প্রেক্ষাপটেই সরকার কীভাবে এসব সুপারিশ বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে কমিশন পদ্ধতিগত প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
অধ্যাপক রীয়াজ বলেন,
“আমাদের সুপারিশ তিনটি ভাগে করা হয়েছে। প্রথমত, যেসব বিষয় সাংবিধানিক নয়—সেগুলো সরকার অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে পারে।”
তিনি আরও বলেন,
“দ্বিতীয়ত, কিছু সুপারিশ সরকারি নির্দেশ বা অফিস অর্ডার দিয়েই বাস্তবায়ন সম্ভব। আমরা চাই সরকার এসব বিষয় দ্রুততার সঙ্গে কার্যকর করুক। এ নিয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতভেদ নেই।”
অধ্যাপক রীয়াজ জানান, সংবিধানসংক্রান্ত যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আংশিক মতভেদ রয়েছে, সেগুলো বাস্তবায়নের আইনি ভিত্তি ও করণীয় পথনির্দেশনা নিয়েও কমিশন বিস্তারিত সুপারিশ করেছে।
তিনি বলেন,
“আমরা বিশ্বাস করি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা এই দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং দেশকে নতুন পথে এগিয়ে নেবেন।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন-সংক্রান্ত সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সিএনআই/২৫