
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে বিক্ষোভকারীরা সোমবার (২৭ অক্টোবর) ভৈরব রেলওয়ে জংশন অবরোধ করেছে। বিক্ষোভকারীরা লাল কাপড় ও ব্যানার নিয়ে ‘ভৈরবকে জেলা চাই’ স্লোগান দিতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে স্টেশনে আটকে বিক্ষোভকারীরা মুহুর্মুহু পাথর নিক্ষেপ করলে এক যাত্রী আহত হন। ট্রেনটি প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট আটকা থাকে এবং পরে সকাল ১১টা ৪২ মিনিটে ছেড়ে যায়। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
ভৈরবের আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সুশীল সমাজের সদস্যরা। আন্দোলনকারীরা স্টেশনের প্লাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রেল যোগাযোগ বন্ধ রাখে।
ভৈরব রেলওয়ের থানার ওসি সাঈদ আহমেদ জানিয়েছেন, উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএনআই/২৫