পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ দিনে বড় ধরনের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় পরিচালিত অভিযানে ৮ হাজার ৫০০ মিটার জাল ও ২ মণ ইলিশ জব্দসহ ২৬ জেলে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরে ইউএনওর নির্দেশে আটককৃত জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,
“রাত ১২টা পর্যন্ত অভিযান চলবে। এরপরও কেউ নদী বা সাগরে মাছ ধরতে নামলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই অভিযানের মাধ্যমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের চূড়ান্ত দিনেও কঠোর নজরদারি ও আইন প্রয়োগের দৃঢ়তা প্রদর্শন করেছে স্থানীয় প্রশাসন।
