
১৪ বছর পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। তদন্ত প্রতিবেদন জমার তারিখ ইতিমধ্যে ১২১ বার পিছিয়েছে, যা নিয়ে হাইকোর্ট চরম অসন্তোষ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মামলাটি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে শুনানিতে ওঠে। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, আর বাদীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলাটি জটিল ও সময়সাপেক্ষ, কারণ বেশ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ চলছে। তাই তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় চাওয়া হয়।
আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আর কত বছর লাগবে? এখন পর্যন্ত তদন্তের কত পার্সেন্ট সম্পন্ন হয়েছে?”
এরপর হাইকোর্ট শেষবারের মতো টাস্কফোর্সকে ছয় মাস সময় দিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাগর সরওয়ার (মাছরাঙা টিভির বার্তা সম্পাদক) ও মেহেরুন রুনি (এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক)।
মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে ডিবি, এবং সর্বশেষ র্যাবের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আটজন আসামির মধ্যে দুজন জামিনে, বাকিরা কারাগারে রয়েছেন।
সিএনআই/২৫