এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
এমবিবিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আজ বুধবার (১ জানুয়ারি) থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান পরিচালিত সব ধরনের মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্বে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সকল ধরনের অনলাইন ও অফলাইন কোচিং কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এক গণমাধ্যমে জানান, প্রশ্নপত্র ফাঁসসহ অন্য যেকোনো অনিয়ম প্রতিরোধের জন্য ১ জানুয়ারি থেকে মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির সভায় গৃহীত হয়।
প্রসঙ্গত, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। এছাড়া, বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।