যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিন পর্যন্ত বিশ্বে প্রায় ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। এর ফলে ১ জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে বিশ্বের আনুমানিক জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮০৯ কোটি।
সংস্থাটি জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত, যার আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় ১৪১ কোটি। ১ জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা ছিল ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১, যা গত বছরের তুলনায় ০.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্যে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে প্রতি সেকেন্ডে প্রায় ৪.২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৩ সালের তুলনায় চলতি বছর জনসংখ্যা ০.৯ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, নতুন বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯.৪ সেকেন্ডে ১টি শিশুর মৃত্যু হতে পারে।
২০২৪ সালের জুলাই মাসে ভারতের জনসংখ্যা ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জনে পৌঁছায়, যা দেশটিকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে। চীন ছিল দ্বিতীয়, যার জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯। যুক্তরাষ্ট্র ছিল তৃতীয়, যার জনসংখ্যা নতুন বছরে আনুমানিক ৩৪ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৬৭০।