বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ ডিসেম্বর) ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর বিশ্বাস আদালতে ইনুকে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে যুক্তি উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে ইনুর আইনজীবীরা দাবি করেন, রাজনৈতিক কারণে হাসানুল হক ইনুকে হয়রানি করতে এ মামলায় আসামি করা হয়েছে। তারা আদালতকে অনুরোধ জানান, রিমান্ডের পরিবর্তে প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা করতে।
তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, আসামি ইনু এ মামলায় ৯ নম্বর আসামি এবং হত্যাকাণ্ডের সময় তার নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা ছিল। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তার ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ইনু এ মামলার এজাহারভুক্ত আসামি। তার মতো নেতাদের ইন্ধনে বড় ধরনের সহিংসতা ঘটেছে। তাই তার সর্বোচ্চ রিমান্ড প্রয়োজন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নিহতের পিতা মো. আবু জাফর গত ৩০ সেপ্টেম্বর গুলশান থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।