দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। পূর্ব এশিয়ার এই দেশটির একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানটি বিধ্বস্ত হলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরের একটি বিমানবন্দরে যাত্রীবাহী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, এতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
বিধ্বস্ত বিমানটি জেজু এয়ারের বলে জানা গেছে। থাইল্যান্ড থেকে ফিরছিল বিমানটি, যা মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত বিমান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মু ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে এবং ইতোমধ্যেই দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার ডিপার্টমেন্টের রেসপন্স টিমের অফিসার লি হাইওন-জি এএফপিকে বলেন, “আমরা এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু নিশ্চিত করেছি। তবে গুরুতর আহতদের অবস্থা বিবেচনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।” তিনি আরও জানান, বিমানের পেছনের অংশ থেকে যাত্রীদের সরিয়ে আনার কাজ চলছে।
ইয়োনহাপ নিউজের তথ্যমতে, বিমানটি অবতরণের সময় "পাখির সাথে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি" দেখা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে।