
মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলে লেবু বাগানে কাঁটাতারে অবৈধ বিদ্যুৎ সংযোগে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
২৫ মে সোমবার ভোরে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের সামনে জরিপ মিয়ার মালিকানাধীন লেবু বাগানে এ ঘটনা ঘটে।
নিহত সুনিল সাঁওতাল [৩৫] রাধানগর এলাকার রবিয়া সাঁওতালের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুনিল বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন। বাগানের চারপাশে বন্য শুকর ঠেকাতে কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। অসাবধানতাবশত সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক [বহিষ্কৃত] আতিকুর রহমান জরিপ মিয়ার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তারও কোনো জবাব মেলেনি। জানা গেছে, তিনি উপজেলার ডুলু বাড়ী এলাকার আলী আর্জুন নামে এক ব্যক্তির কাছে বাগানটি ভাড়া দিয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লেবু বাগানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”