২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৩ জন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল [টিআরসি] পদে মৌলভীবাজার জেলায় প্রাথমিকভাবে ৩৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রোববার ২৪ মে বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচিত ৩৩ জনের মধ্যে নারী ৫ জন এবং পুরুষ ২৮ জন।

জেলা পুলিশ জানায়, গত ১৬ মে ২৪৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। রোববার সকাল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অভিভাবকসহ উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার [প্রশাসন ও অর্থ] ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার [সিলেট] জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার [ক্রাইম অ্যান্ড অপস] নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার [হবিগঞ্জ] মো. শহিদুল হক মুন্সী এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন