
তৌহিদ-উল বারী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পিসিআইইউ মিডিয়া ক্লাব’ ও ‘ড্রোন বাবা’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ড্রোন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কর্মশালা”।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় ড্রোনের ব্যবহার, পরিচালনা এবং সাংবাদিকতা ও বিজ্ঞাপনে ড্রোনের কার্যকর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।
পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ সাইফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি বলেন, ”মিডিয়া ক্লাবের এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক সাংবাদিকতায় ড্রোনের ব্যবহার দিন দিন অপরিহার্য হয়ে উঠছে। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের দেশ গড়ার মূল কারিগর। তাই দেশ ও সমাজ পরিচালনায় তাদের আরও সচেতন, দায়িত্বশীল এবং দক্ষ হয়ে উঠতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। প্রায় ৬০ কেজি ওজনের ড্রোন দেখে মুগ্ধ হয়ে তিনি বলেন, “পেশাগত বা ব্যক্তিগত জীবনে এত বড় এবং শক্তিশালী ড্রোন আমি প্রথমবার সামনাসামনি দেখলাম। এটি সত্যিই এক অভূতপূর্ব ও অবাক করার মতো অভিজ্ঞতা। প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রগতি আমাদের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের চিন্তাভাবনার জগৎকে আরও প্রসারিত করবে। এমন বাস্তবমুখী আয়োজন আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে।”
কর্মশালায় উপস্থিত থেকে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি ও পিসিআইইউ মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার বলেন, “শুধুমাত্র ক্লাসরুমের তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে নিজেদের মেলে ধরতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সাংবাদিকতা, বিজ্ঞাপন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমন আয়োজন আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
এছাড়াও এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. সৈয়দ এনায়েত করিম, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সেলিম হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার শীল, আতাউস সামাদ রাজু, ফৌজিয়া সুলতানা, সিনিয়র লেকচারার তাসলিমা আক্তার ইরিন এবং লেকচারার গিয়াস উদ্দিন রিয়াদ।
এই কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য ছিল ড্রোন প্রদর্শনী, প্রাথমিক ড্রোন প্রশিক্ষণ এবং বাস্তবমুখী ব্যবহারিক সেশন।
কর্মশালায় ড্রোনের নানারকম বহুমুখী ব্যবহার ও টেকনিক্যাল দিকগুলো তুলে ধরেন ‘ড্রোন বাবা’র ফাউন্ডার মইনুল ইসলাম বাপ্পী। তিনি বিভিন্ন ধরনের ড্রোনের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। এবং প্রশিক্ষকরা যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে বর্তমান সময়ে ড্রোনের বহুমুখী ব্যবহারিক দিক তুলে ধরেন। বাংলাদেশের অন্যতম দক্ষ ড্রোন পাইলট আশরাফুল ইসলাম মাহফুজ আলোচনা করেন ড্রোনের নানা দিক এবং বাস্তব জীবনে এর প্রভাব নিয়ে।
কর্মশালার মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়টির ডি-বিল্ডিং সংলগ্ন মাঠে বাংলাদেশের সর্ববৃহৎ, প্রায় ৬০ কেজি ওজনের ড্রোনের উড্ডয়ন। ড্রোনটিতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পিসিআইইউ মিডিয়া ক্লাবের পতাকা বেঁধে উড্ডয়ন করা হয়।
পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ মজুমদার বলেন, “সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য বর্তমান বিশ্বে ড্রোনের বহুমুখী ব্যবহারিক গুরুত্ব বিবেচনা করেই এই বাস্তবমুখী ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।”