
মৌলভীবাজার প্রতিনিধি:
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে ৩৮১টি যানবাহন আটক করা হয়েছে।
গত ১০ মে থেকে শুরু হওয়া এই অভিযান জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে নিয়মিতভাবে চলছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীনের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমার নেতৃত্বে থানা পুলিশ, ট্রাফিক ও ডিবি পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।
চেকপোস্টে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাইসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এ পর্যন্ত হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মে ২৬৭টি মামলা রুজু হয়েছে। ১০ থেকে ১৮ মে পর্যন্ত ১৫ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ডের মধ্যে ১০ লাখ ৫৬ হাজার টাকা আদায় করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।