১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটির আগেই বাস টিকিটের হাহাকার

শেয়ার করুন
ঈদের ছুটির আগেই বাস টিকিটের হাহাকার

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হবে আগামী ২৫ মে। তবে ছুটি শুরুর ছয় দিন আগেই বাসের টিকিট সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৯ মে) কল্যাণপুর বাস কাউন্টারগুলোতে সরেজমিনে ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

সরেজমিনে কয়েকজন টিকিট প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা গত ৮ মে থেকেই অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছিলেন। কিন্তু অনলাইনে টিকিট না পেয়ে সকাল থেকে বিভিন্ন বাস কাউন্টার ঘুরে টিকিট সংগ্রহের চেষ্টা করেন। তবে যেখানেই গিয়েছেন, সেখান থেকেই জানানো হয়েছে টিকিট শেষ— ফলে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের।

ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি গাইবান্ধা যাবেন আব্দুল বারি। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, গত দুই দিন ধরে গাবতলী ও কল্যাণপুর বাস কাউন্টারগুলোতে ঘুরে টিকিট খুঁজছি। কিন্তু প্রতিটি জায়গায় বলা হচ্ছে টিকিট নেই। এখন অপেক্ষা করব, কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা।

আরেক যাত্রী রাকিব হোসেন ২৪ মে কিংবা ২৫ মে’র টিকিটের খোঁজে এসেছিলেন। তিনি বলেন, প্রতিবার ঈদের সময় টিকিটের সংকট দেখা দেয়। অনলাইনে নামমাত্র টিকিট ছাড়া হয়, কিন্তু বাস্তবে অগ্রিম টিকিট পাওয়া যায় না। কাউন্টারে গেলে বলা হয় টিকিট শেষ। তাহলে টিকিট কোথায় যায় বুঝতে পারি না।

কল্যাণপুরে শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর কুমার বলেন, সব টিকিটই অনলাইনে আগে থেকেই বিক্রি করা হয়েছে। যারা অনলাইনে টিকিট কেটেছেন বেশিরভাগই ২৪ ও ২৫ মে’র যাত্রী। তবে এখন কিছুটা ফাঁকা থাকলেও সময় যত এগোবে, যাত্রীচাপ ধীরে ধীরে বাড়বে। এ ছাড়া এবার কোরবানির হাট থাকায় সড়কে যানজট তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

 

শেয়ার করুন