
রাজধানীর পল্লবী এলাকায় লামিসা নামে ৭ সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত শিশুর বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। শিশুটির পরিবার ওই বাসায় ভাড়া থাকেন।
মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর সেকশনের বি ব্লকের ৩৯ নম্বর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সকালে বাসাটির ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে তার খাটের নিচে রাখে। তার আগে শিশুটিকে খুঁজে না পেয়ে সেই ঘরে তল্লাশি করে তারা। এক পর্যায়ে শিশুটির মস্তকহীন দেহ পাওয়া যায়। পরে বাসাটির বাথরুমে রাখা একটি বালটিতে শিশুটির কাটা মাথা পাওয়া যায়। এই মুহূর্তে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি, এসবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার বিষয়ে পল্লবী থানার এসআই ইকবাল ঢাকা মেইলকে বলেন, শিশুটির মরদেহ উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় যে হত্যা করেছে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে জানার চেষ্টা চলছে।