
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি ঘিরে বিরোধের জেরে সোমবার (১৮ মে) সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শ্রমিকদের একাংশ রোববার (১৭ মে) কেন্দ্রীয় ফেডারেশন ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে এই কর্মসূচি দেয়।
জানা গেছে, রোববার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এই কমিটিকে মানতে নারাজ একটি পক্ষ। তারা সকাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘এই কমিটির অধীনে আমরা বাস চালাতে চাই না। এ কারণেই সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।’
অবশ্য নতুন কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দাবি করেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় ফেডারেশনই এই কমিটি ঘোষণা করেছে।
তিনি বলেন, ‘কমিটিতে কিছু শ্রমিক বাদ পড়েছেন। তারাই মূলত বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে শীঘ্রই সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান হবে।’
সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন বাসটার্মিনালে কোনো বাস দেখা যায়নি। দুর্ভোগে পড়া যাত্রীরা অন্য যানে কিংবা পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।