২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

শেয়ার করুন

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই দুই নারী ক্রিকেটারের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধির লেভেল–১ লঙ্ঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন তারা।

আইসিসির বিবৃতিতে জানানো হয়, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না—যা অবমাননাকর বা প্রতিপক্ষকে উসকে দিতে পারে। অন্যদিকে শারমিন ভঙ্গ করেছেন ২.৮ ধারা—যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। সফরকারী দলের ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাকে সাজঘরের দিকে ইঙ্গিত করে বিদায় জানান। এর আগে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট দেওয়ার পর শারমিন ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ছাড়েন।

জরিমানার পাশাপাশি এই দুই খেলোয়াড়ের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটা তাদের প্রথম অপরাধ। নাহিদা-শারমিন দুজনই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

 

শেয়ার করুন