২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে সুশৃঙ্খল পরিবেশে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেয়ার করুন

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেরোবিসহ রংপুর অঞ্চলের মোট ৮টি কেন্দ্রে প্রায় ২২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব কেন্দ্রে উপস্থিতির হার ছিল প্রায় ৮৬.৫২ শতাংশ, যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ৯০ শতাংশের বেশি উপস্থিতির কথা জানিয়েছে।

রংপুর অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৮৬ জন; কারমাইকেল কলেজে ৩ হাজার ৭৭০ জন; রংপুর সরকারি কলেজে ১ হাজার ২৮২ জন; সরকারি বেগম রোকেয়া কলেজে ১ হাজার ২৯৮ জন; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৪ হাজার ৫৪ জন; দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ৪৫১ জন; পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ৬৫৬ জন এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে ৮৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা শেষে বেরোবি কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থী মো. রিয়াদ হাসান বলেন, “প্রশ্নপত্রের মান ভালো ছিল। বিশেষ করে বাংলা অংশ তুলনামূলক সহজ লেগেছে।” তিনি আরও বলেন, কোনো পরীক্ষাই পুরোপুরি সহজ নয়, তবে সার্বিকভাবে কেন্দ্রের পরিবেশ ছিল সন্তোষজনক।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “প্রতিবারের মতো এবারও অত্যন্ত সুষ্ঠুভাবে জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অধিকাংশ কেন্দ্রে সন্তোষজনক উপস্থিতি ছিল।”

উপাচার্য আরও জানান, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং দূর-দূরান্তে যাতায়াতের ভোগান্তি কমেছে। রমজান ও জাতীয় নির্বাচনের কারণে পরীক্ষা কিছুটা বিলম্বিত হলেও দ্রুত ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে বেরোবির সম্ভাব্য সরে আসা প্রসঙ্গে উপাচার্য বলেন, এটি সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর প্রতিনিধি হিসেবে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সবুর বলেন, “বেরোবিতে অত্যন্ত নির্বিঘ্ন পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট।”

উল্লেখ্য, জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল একই সময়ে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা জিএসটি’র (https://gstadmission.ac.bd) অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন