
শেখ শাহরিয়ার, খুলনা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনায় সকাল থেকেই ভোটগ্রহণ চলছে। জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে একটানা ভোট নেওয়া শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। শুরু থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খুলনা–৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল সকাল সাড়ে ৮টার দিকে ১০ নম্বর ওয়ার্ডের মাওলানা ভাসানী বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান দৌলতপুর থানার কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে ভোট প্রদান করেন।
অন্যান্য আসনে প্রার্থীদের ভোটদান
খুলনা–১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপি প্রার্থী আমীর এজাজ খান বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী এ আসনের ভোটার না হওয়ায় খুলনা–৫ আসনের চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
খুলনা–২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
খুলনা–৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বিএনপির এস কে আজিজুল বারী হেলাল আইচগাতী খান জেবুন্নেছা মহিলা কলেজ কেন্দ্রে এবং খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।
খুলনা–৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার সকাল সাড়ে ৭টায় শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। একই আসনে বিএনপির আলী আসগার লবি খুলনা–২ আসনের ভোটার হওয়ায় সেন্ট যোসেফ হাই স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
খুলনা–৬ (কয়রা-পাইকগাছা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মো. আবুল কালাম আজাদ কয়রার গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালেই ভোট দেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনিরুল হাসান বাপ্পী খুলনা–৪ আসনের ভোটার।
জেলার বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।