১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা-২ আসন: ভোট দিলেন নজরুল ইসলাম মঞ্জু, সহিংস ঘটনার প্রতিবাদ

শেয়ার করুন

শেখ শাহরিয়ার, খুলনা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা–২ আসনে সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে তিনি টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোটদান শেষে তিনি নির্বাচনকে “দীর্ঘ প্রতীক্ষার পর গুরুত্বপূর্ণ একটি দিন” হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে। তিনি আশা প্রকাশ করেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যান নজরুল ইসলাম মঞ্জু। সেখানে আলিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় সংঘটিত ঘটনায় নিহত বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচির মরদেহ পরিদর্শন করেন তিনি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান মঞ্জু। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো সহিংসতা না ঘটে সে বিষয়ে প্রশাসনের প্রতি কঠোর অবস্থানের আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রাখা সবার দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে পরিস্থিতি তদারকির আহ্বান জানিয়ে তিনি আশা করেন, দিনের বাকি সময় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, খুলনায় বিএনপি অতীতে যেমন জনসমর্থন পেয়েছে, এবারও ভোটাররা কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন। তার দাবি, জনগণের প্রত্যাশা পূরণে দল কাজ করে যাবে এবং নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক যাত্রা শুরু হবে।

খুলনা–২ আসনে সকাল থেকে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে বলে কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

শেয়ার করুন