২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুর সরকারি কলেজে ভবন দখল ও কোচিং বাণিজ্যের অভিযোগ

শেয়ার করুন

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে চলছে চরম অনিয়ম ও বিশৃঙ্খলা—এমন অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে, শিক্ষকরা একাডেমিক ভবনের কক্ষ দখল করে ‘টিচার্স কোয়ার্টার’ বানিয়ে বসবাস করছেন, আর শ্রেণিকক্ষেই চালাচ্ছেন ব্যক্তিগত কোচিং বাণিজ্য। এতে কলেজের স্বাভাবিক একাডেমিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কলেজ ভবনের কয়েকটি গুরুত্বপূর্ণ কক্ষ বহুদিন ধরে শিক্ষকরা ব্যক্তিগত বাসস্থানের মতো ব্যবহার করছেন। ফলে এসব কক্ষ আর পাঠদান বা একাডেমিক কার্যক্রমে ব্যবহার করা যাচ্ছে না।

এছাড়া অভিযোগ উঠেছে—শিক্ষকরা নিয়মিত ক্লাসে না এলেও সরকারি ছুটি শুক্র ও শনিবারেও কলেজ খুলে নিজেদের ব্যাচে কোচিং করান। সরকারি ফ্যান, লাইট, বেঞ্চসহ সব সুবিধা ব্যবহার করে চলছে এ ব্যক্তিগত শিক্ষা বাণিজ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন,
“স্যাররা ক্লাসে properly পড়ান না। কিন্তু কোচিংয়ে গেলে একই রুমেই অনেক যত্ন করে পড়ান। সরকারি রিসোর্স ব্যবহার করে তারা ব্যক্তিগত ব্যবসা করছেন।”

কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানে প্রায় ৪০ জন শিক্ষক কর্মরত থাকলেও এর অর্ধেকেরও কম নিয়মিত উপস্থিত থাকেন। ফলে ঘাটতি পূরণে অতিরিক্ত ভলান্টিয়ার শিক্ষক নিয়োগ দিতে হয়েছে।

দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী ক্ষোভ জানিয়ে বলেন,
“আমরা ভালো কিছু আশা করে ভর্তি হয়েছিলাম। কিন্তু এখানে পড়াশোনার চাইতে স্যারদের ব্যক্তিগত ব্যবসা বেশি গুরুত্বপূর্ণ। দ্রুত এর সমাধান দরকার।”

অভিভাবকেরাও ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি কলেজে মানসম্মত পড়াশোনা হবে ভেবেছিলেন। এখন দেখছেন—শিক্ষকরা কোচিং ব্যবসায় বেশি আগ্রহী, আর গরিব শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে একাডেমিক ভবনে বসবাসরত এক শিক্ষক জানান,
“সরকারি কোয়ার্টার না থাকায় বাধ্য হয়ে এখানে থাকছি। এতে ক্লাসের ক্ষতি হয় না।”

অন্য এক শিক্ষক বলেন,
“কর্তৃপক্ষের মৌখিক অনুমতিতে কোচিং চালানো হয়। শিক্ষার্থীদের অনুরোধেই অতিরিক্ত সময় দেওয়া হয়।”

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক জানান, শিক্ষকদের উপস্থিতি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একাডেমিক ভবনে থাকার বিষয়টিও দীর্ঘদিনের চর্চা বলেও উল্লেখ করেন তিনি।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন,
“আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সিএনআই/২৫

শেয়ার করুন