৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামিকে বাদ দেওয়ায় নির্বাচকদের ওপর ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলি

শেয়ার করুন

ভারতের ক্রিকেটে আবারও শুরু হয়েছে বিতর্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের দলে মোহাম্মদ শামিকে না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

৩৫ বছর বয়সী শামি এখনো দারুণ ফর্মে আছেন। সাম্প্রতিক রণজি ট্রফিতে তিন ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। তবু জাতীয় দলে সুযোগ না পাওয়ায় গাঙ্গুলির বিস্ময় লুকোনো যায়নি।

কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপে সৌরভ বলেন, “শামি অসাধারণ বল করছে। ও ফিট, আর আমরা সবাই দেখেছি, রণজিতে কীভাবে একাই বাংলা দলকে জেতাচ্ছে। আমি সত্যিই বুঝতে পারছি না, কেন ও ভারত দলে নেই—টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি, সব ফরম্যাটেই ওর জায়গা আছে।”

শামি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। বিশ্বকাপের পর তার গোড়ালির অস্ত্রোপচার হলেও এখন তিনি পুরোপুরি ফিট—এটা সৌরভ নিজেই নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, নির্বাচকরা ওর সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু ফিটনেস ও পারফরম্যান্সের দিক থেকে বললে, এটাই সেই পুরোনো শামি, যাকে আমরা চিনি। ভারতের এখনো ওর প্রয়োজন।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন টেস্টের দলে নবীন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপকে সুযোগ দেওয়া হয়েছে। গাঙ্গুলির মতে, এটি ভবিষ্যতের পরিকল্পনা হতে পারে, তবে বর্তমান পারফরম্যান্সের বিচারে শামিকে উপেক্ষা করা অন্যায় সিদ্ধান্ত।

তার ভাষায়, “বয়স নয়, ফিটনেস ও পারফরম্যান্সই আসল মাপকাঠি। আর এই দু’টিতে শামি এখনো শ্রেষ্ঠ।”

শামির বাদ পড়া নিয়ে এখন সরগরম ভারতীয় ক্রিকেট মহল। এক ফিট ও ফর্মে থাকা বিশ্বকাপ-নায়ককে দলে না রাখায় সমালোচনার মুখে নির্বাচকেরা। গাঙ্গুলির কথাতেই যেন প্রশ্নটা স্পষ্ট—“শামির মতো পেসারের জায়গা ভারতের দলে সবসময়ই থাকবে, নির্বাচকেরা কি শুনবেন দাদার এই বার্তা?”

সিএনআই/২৫

শেয়ার করুন