৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ দলের সমাবেশ চলছে তিন ট্রাকের মঞ্চে

শেয়ার করুন

পাঁচ দাবিতে পল্টনে সমাবেশ করছে আটটি ইসলামী দল।
রাজধানীর পল্টনে আটটি ইসলামী রাজনৈতিক দলের ডাকা সমাবেশ চলছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর দুইটার পর রাজধানীর পল্টন মোড়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশ ঘিরে দুপুর ২টার আগেই পল্টন চত্বর লোকারণ্য হয়ে যায়। সকাল থেকেই সমাবেশস্থলে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুরের আগেই পল্টন চত্বর স্লোগান-মিছিলে মুখর হয়ে ওঠে।
জোটের পাঁচ দাবি হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু; সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন; জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

জোটের এই সমাবেশে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

 

দুপুর সোয়া দুইটার দিকে পল্টন মোড়ে গিয়ে দেখা যায়, তিনটি মাঝারি ট্রাকের ওপর বানানো মঞ্চে চলছে অনুষ্ঠান। বাঁশ ও কাপড়ে সাজানো মঞ্চের ব্যানারে লেখা ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে ইসলামী দলসমূহের সমাবেশ’।

যাত্রাবাড়ী থেকে আসা জামায়াতের কর্মী সায়েম বলেন, ‘আমরা সকালেই মঞ্চ তৈরি করতে পারতাম। কিন্তু মানুষের ভোগান্তি বিবেচনায় একটু পরে তৈরি করেছি। বিকেল চারটা পর্যন্ত সমাবেশ চলবে।’

মিরপুর থেকে আসা আরেক কর্মী বলেন, ‘বড় মঞ্চ তৈরি করলে রাস্তায় যানজট হতো। তাই ট্রাকের ওপর মঞ্চ বানিয়ে সময় ও স্থান দুটোই বাঁচানো হয়েছে।’

গত ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি পাঁচটি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করে সমাবেশ করেছিল। এবার তিন ট্রাকের মঞ্চে আট দলের সমাবেশ নতুন রূপ পেয়েছে বলে মন্তব্য করছেন অনেকে।

আটটি ইসলামী দলের সমাবেশ ঘিরে রাজধানীর কদম ফোয়ারা, কাকরাইল, গুলিস্তান ও দৈনিক বাংলা মোড়ের দিকে যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এসব এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, ফলে পল্টনমুখী যানবাহন যেতে পারছে না।

দুপুর সোয়া একটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাস্তা ধরে বারডেম হাসপাতালের পাশে থাকা নিজ বাসায় যাচ্ছিলেন মোসলেম উদ্দিন। তার প্রাইভেটকারটি মৎস ভবন থেকে এসে ঠিক পল্টনের রাস্তার দিকে বাঁক নেবে। ওই সময় রাস্তার মুখে পুলিশের ব্যারিকেড আটকে যায় তার গাড়ি।

প্রাইভেটকারটি থেকে বেরিয়ে ট্রাফিকের পুলিশ সদস্যের কাছে গেলে তিনি মৎস ভবন হয়ে শিল্পকলার সামনে দিয়ে ঘুরে যাওয়ার পরামর্শ দেন। অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত তার অনুরোধ রাখেন পুলিশের সেই কর্মকর্তা।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের এসআই মুহাইমিন বলেন, ‘সমাবেশ চলা পর্যন্ত এই ব্যারিকেড থাকবে। নিরাপত্তার স্বার্থেই পল্টনমুখী যান চলাচল বন্ধ রাখা হয়েছে।’

শুধু জাতীয় প্রেসক্লাবের সামনের দুই রাস্তা নয়, এমন ব্যারিকেড দেওয়া হয়েছে কাকরাইল, গুলিস্তান জিরো পয়েন্ট, দৈনিক বাংলা এলাকাতেও। ফলে অনেকে জানতে না পেরে গাড়ি নিয়ে এসে বিপাকে পড়ছেন। অন্যান্য সময়গুলোতে রাজধানীতে সমাবেশ হলে ভোগান্তি এড়াতে আগাম বার্তা দেওয়া হয় ডিএমপির পক্ষ থেকে। গতকাল থেকে তেমন কোন বার্তা চোখে পড়েনি।

শেয়ার করুন