৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে বিএনপিতে ফিরছেন বহিষ্কৃত নেতারা

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় অভ্যন্তরীণ বিভেদ দূর করে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত তৃণমূল নেতাদের দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বহিষ্কৃত হওয়া নেতা এবং দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া নেতারাও ফিরছেন দলে। ইতিমধ্যে প্রায় ৬০ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে; সর্বশেষ ৪০ জন নেতাকে পুনর্বহাল করা হয়েছে। দল বলছে, আন্দোলনে সক্রিয় ও মাঠপর্যায়ে প্রভাবশালী নেতাদের ফেরানোর মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি পুনর্গঠনই এই উদ্যোগের লক্ষ্য।

বহিষ্কার প্রত্যাহারের প্রক্রিয়া:
বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, বহিষ্কৃত অনেক নেতা পুনর্বহালের জন্য আবেদন করেছেন। সেসব আবেদন পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। দল বলছে, এটি ঢালাও পুনর্বহাল নয়—“কেস টু কেস” ভিত্তিতে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের আবেদন ও অতীত অবদান বিবেচনায় পুনর্বহাল করা হচ্ছে। এটি আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ।”

নির্বাচনী বাস্তবতায় ঐক্যের কৌশল:
বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে জামায়াতকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তাই মাঠপর্যায়ে শক্তি জোরদার ও জনসম্পৃক্ততা বাড়াতে পুরনো নেতাকর্মীদের ফিরিয়ে আনা দলের কৌশলগত সিদ্ধান্ত।

বিএনপি সূত্র জানায়, দলীয় প্রার্থী ঘোষণার পর প্রার্থীদের পরামর্শে স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হচ্ছে। এতে তৃণমূলে সংগঠন সক্রিয় হচ্ছে, যা নির্বাচনে ধানের শীষের পক্ষে ফল আনতে পারে বলে দলীয় নেতারা আশা করছেন।

দলে ফিরছেন নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুল হক সাক্কু:
খুলনার নেতা নজরুল ইসলাম মঞ্জু ২০২১ সালে সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি পান, কিন্তু রাজনীতি চালিয়ে যান। সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে পুনরায় সক্রিয় হয়েছেন এবং খুলনা-২ আসনে দলীয় মনোনয়নও পেয়েছেন।

অন্যদিকে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, যিনি ২০২২ সালে আজীবন বহিষ্কৃত হয়েছিলেন, তাকেও নির্বাচনী কার্যক্রমে যুক্ত হতে বলা হয়েছে।

৪০ নেতার পদ পুনর্বহাল:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ৩৭ জন নেতা ও তিনজন নারী সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির এক নেত্রীকে পুনর্বহাল করা হয়েছে।

দলের দায়িত্বশীল নেতারা বলছেন, “বহিষ্কৃতদের অনেকেই দীর্ঘদিন আন্দোলনে ছিলেন, তারা বিএনপিরই সন্তান। নির্বাচনে সবাইকে এক ছাতার নিচে আনা এখন সময়ের দাবি।”

সিএনআই/২৫

শেয়ার করুন