৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলজিয়ামের কড়া হুঁশিয়ারি: ‘পুতিন ব্রাসেলসে হামলা চালালে মস্কো থাকবে না’

শেয়ার করুন

ইউরোপের দেশ বেলজিয়াম রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে—যদি মস্কো ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে ন্যাটো রাশিয়ার রাজধানীকে “মানচিত্র থেকে মুছে ফেলবে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, “যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র চালান, আমরা মস্কো ধ্বংস করব।”

লিবার ডে মর্গেন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির গুরুত্ব তুলে ধরে বলেন, “ন্যাটোর যেকোনো সদস্যের ওপর হামলা মানে পুরো জোটের ওপর আঘাত। ন্যাটো একত্রে প্রতিক্রিয়া জানাবে।”

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত ইউরোপীয় উদ্বেগেরও জবাব দেন। ফ্রাঙ্কেনের ভাষায়, “ট্রাম্প স্পষ্ট করেছেন—আমেরিকা তার ন্যাটো মিত্রদের শতভাগ সমর্থন দেবে। কোনো একক সিদ্ধান্তে ক্রুজ মিসাইল হামলার মতো পদক্ষেপ নেওয়া হবে না।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বেলজিয়ান মন্ত্রী বলেন, “রাশিয়া দক্ষতার সঙ্গে লড়তে পারছে না, কারণ তারা পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করছে। অন্যদিকে ইউক্রেন পশ্চিমা অস্ত্র, গোলাবারুদ ও অর্থ সহায়তায় টিকে আছে।”

তিনি আরও সতর্ক করেন সম্ভাব্য রুশ-চীনা জোট নিয়ে। তার মতে, “চীন চায় ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক—এতে পশ্চিম দুর্বল হবে। তারা রাশিয়ার কাঁচামাল কিনছে, অস্ত্র দিচ্ছে, এমনকি উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনে সমর্থনও দিতে পারে।”

তবে ফ্রাঙ্কেন মনে করেন, বাল্টিক অঞ্চলের ওপর বড় ধরনের রুশ হামলার আশঙ্কা আপাতত কম। কারণ এ দেশগুলো ন্যাটোর সদস্য এবং বর্তমানে ইউরোপে প্রায় ৬০০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তার মতে, “রুশরা এফ-৩৫-কে ভয় পায়, কারণ এগুলো তাদের রাডারে ধরা পড়ে না।”

সিএনআই/২৫

শেয়ার করুন