৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এআই প্রযুক্তিতে মিনিটেই স্তন ক্যান্সার শনাক্ত, জানালেন সৌদি চিকিৎসক

শেয়ার করুন

স্তন ক্যান্সার শনাক্তে চিকিৎসা বিজ্ঞানে যুক্ত হলো নতুন এক মাইলফলক। সৌদি আরবের চিকিৎসক ড. সেলওয়া আল-হাজ্জা এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা মাত্র কয়েক মিনিটে স্তন ক্যান্সার শনাক্ত করতে সক্ষম।

সোমবার (২৭ অক্টোবর) আরব নিউজ-এর প্রতিবেদনে জানানো হয়, ড. সেলওয়া’র নেতৃত্বাধীন হেলথ টেক স্টার্টআপ এসডিএম (Saudi Digital Medical) ‘সামিয়া’ নামে এক স্মার্ট সিস্টেম তৈরি করেছে। এর পূর্ণরূপ—Saudi Automated Mammogram Image Analysis। এই সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোগীর ম্যামোগ্রাম চিত্র বিশ্লেষণ করে খুব অল্প সময়ের মধ্যেই ক্যান্সারের ঝুঁকি নির্ধারণ করতে পারে।

ড. সেলওয়া জানান, প্রচলিত পদ্ধতিতে একজন নারী ম্যামোগ্রাম করার পর রিপোর্ট পেতে অনেক সময়—কখনও কয়েক দিন, কখনও সপ্তাহ পর্যন্ত—লেগে যায়। এ প্রক্রিয়া মানসিক চাপ বাড়ায়। কিন্তু ‘সামিয়া’ ব্যবহারে রিপোর্ট পাওয়া যায় মিনিটের মধ্যেই, কখনও এক মিনিটেরও কম সময়ে।

তিনি বলেন, “রোগীর ম্যামোগ্রাম নেওয়ার পর সেটি সরাসরি ক্লাউডে পাঠানো হয়। সেখানে সামিয়া ছবিটি স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে সম্ভাব্য ক্যান্সার আক্রান্ত অংশগুলো শনাক্ত ও গ্রেড করে। এতে চিকিৎসক দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং রোগীর চিকিৎসা প্রক্রিয়া শুরু করতে দেরি হয় না।”

সৌদি আরবের কিং আবদুলআজিজ বিশ্ববিদ্যালয়ের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ড. ওমর ইস্কান্দারানি বলেন, এআই প্রযুক্তি ক্যান্সার শনাক্তকরণে বিপ্লব ঘটাচ্ছে। “এটি চিকিৎসা পরিকল্পনা ও নির্ভুলতা বৃদ্ধি করছে, ফলে রোগীভিত্তিক চিকিৎসা আরও কার্যকর হচ্ছে,” মন্তব্য করেন তিনি।

তার মতে, স্তন ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, তবে রোগ নিরাময়ের হার ৯৫ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব এবং চিকিৎসা ব্যয় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো যায়।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখনো ৫০ শতাংশের বেশি স্তন ক্যান্সার রোগী দেরিতে শনাক্ত হন, যেখানে উন্নত দেশগুলোতে এই হার মাত্র ২০ শতাংশ। দেরিতে শনাক্ত হওয়ার ফলে চিকিৎসা জটিল হয়, মৃত্যুঝুঁকি বাড়ে এবং ব্যয়ও কয়েকগুণ বেড়ে যায়।

ড. সেলওয়া বলেন, অন্যান্য আন্তর্জাতিক এআই ম্যামোগ্রাম প্রযুক্তি সাধারণত বিদেশে তৈরি, যা সৌদি রোগীদের তথ্যভিত্তিক নয়।
সিএনআই/২৫

শেয়ার করুন