
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “ঐকমত্য কমিশনের সব নথি, ভিডিও, অডিও ও ছবি জাতির জন্য সংরক্ষণ করতে হবে। এগুলো হবে ইতিহাসের জীবন্ত দলিল।” তিনি গবেষক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সহসভাপতি আলী রীয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের তিনটি দায়িত্ব—বিচার, সংস্কার ও নির্বাচন। কমিশনের মূল লক্ষ্য ছিল সংস্কারের কাঠামোগত রূপরেখা তৈরি করা।
ড. বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দৃঢ়তা ও সাহস প্রয়োজন। বিচারপতি এমদাদুল হক ও ড. ইফতেখারুজ্জামান কমিশনের কাজকে রাজনৈতিক ঐক্যের ইতিবাচক উদাহরণ হিসেবে বর্ণনা করেন।
কমিশনের মেয়াদ শেষ হবে ৩১ অক্টোবর। তবে প্রয়োজন হলে সদস্যরা নাগরিক হিসেবে সরকারের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
সিএনআই/২৫