১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে ২৫০ কোটি ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ২৫০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে, যা রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় দেশটির জন্য গুরুত্বপূর্ণ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তার ঘোষণা দেন। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মূলত বাইডেন প্রশাসনের বিদায়লগ্নে ইউক্রেনের জন্য এ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম, ড্রোন মোকাবিলার অস্ত্র, উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি রকেট সিস্টেমের জন্য প্রয়োজনীয় সামগ্রী, ট্যাংকবিধ্বংসী অস্ত্র এবং কামানের গোলাবারুদ।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ আগে এ সহায়তা ঘোষণা করা হয়েছে। তবে ট্রাম্প ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতির বিষয়ে প্রশ্ন তুলেছেন, যা ইউক্রেনীয় নেতাদের মধ্যে আশঙ্কা তৈরি করেছে যে ভবিষ্যতে সহায়তা কমে যেতে পারে।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী ২১টি ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালেও, ইউক্রেনও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে। রাশিয়া ইউক্রেনের চারটি প্রদেশের আংশিক দখল নিলেও, যুদ্ধের হতাহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান, হতাহতের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে।

 

শেয়ার করুন