
ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আবারও সমাবেশ করেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে) ব্যানারে আয়োজিত এ সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা অংশ নেন।
চিকিৎসকরা অভিযোগ করেন, তারা রাস্তায় ভূমিকা রাখার পাশাপাশি হাসপাতালে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন, অথচ তাদের ভাতা অপ্রতুল।
সমাবেশে এবি পার্টির পক্ষ থেকে সমর্থন জানান দলের আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার। তিনি বলেন, “আমাদের মধ্যে ঐক্য না থাকলে দাবি আদায় সম্ভব নয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। চেয়ার স্থায়ী নয়, নৈতিকতাই স্থায়ী।”
ডিএমজে সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী বলেন, “দাবি পূরণে যত বিলম্ব হবে, আমরা ততই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাব। আমাদের চাপ দিয়ে কিছু হবে না। সরকারের উচিত দ্রুত প্রজ্ঞাপন জারি করা। আমরা কারো দালাল নই।”
এর আগে, একই দাবিতে গত ২২ ডিসেম্বর তারা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। তখন সরকার তাদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার ঘোষণা দেয়। তবে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
চিকিৎসকরা দাবি জানিয়েছেন, তাদের ভাতা দ্রুত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হোক, অন্যথায় দেশের প্রায় ১৩ হাজার পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী একযোগে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।